ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে: চসিক মেয়র

ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে: চসিক মেয়র

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

এর আগে চসিক মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের অনুমতি সংক্রান্ত একটি নোট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য আমেরিকার ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

এ ঘটনার পর মঙ্গলবার সকালে “ভুল তথ্য আর ষড়যন্ত্রের বেড়াজালে মশক নিধনের বৈপ্লবিক সম্ভাবনা কি ভেস্তে যাবে?” শিরোনামে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দেন ডা. শাহাদাত হোসেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে মার্কিন প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস জিকা ভাইরাস প্রতিরোধে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছিল। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় আট মাস ধরে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রতিষ্ঠানটির মশার লার্ভা নিধনকারী কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকার কেমিক্যাল আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশে ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের অংশীদারত্বে একটি কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মেয়রের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটি চসিক মেয়রের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় অবস্থিত তাদের মূল কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায়। তিনি দাবি করেন, এ সফরে সরকার কিংবা চসিকের কোনো অর্থ ব্যয় হওয়ার কথা ছিল না।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “সব প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরটি সম্পর্কে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। ফলে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই উদ্যোগ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।”

এর আগে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার একটি চিঠি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন চসিক মেয়র। উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের আমন্ত্রণে চসিক মেয়র ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর এবং মেয়রের ব্যক্তিগত কানাডা সফরের অনুমতি না দিয়ে সারসংক্ষেপটি ফেরত পাঠানো হয়েছে।

Time tv24 ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ