🎨 না ফেরার দেশে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বের ইন্তেকাল, বয়স হয়েছিল ৯০ বছর
ঢাকা | Time tv24
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার জানিয়েছেন, সোমবার মরদেহ নিজ বাসভবনে রাখা হবে। মঙ্গলবার (৩০ জুন) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। পরিবারের ইচ্ছা অনুযায়ী বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। সে সময় লাইফ সাপোর্টে থাকলেও ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। প্রায় দুই বছর পর নিউমোনিয়াজনিত জটিলতায় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন। শিল্প ও সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।
Time tv24 পরিবারের পক্ষ থেকে বরেণ্য এই শিল্পীর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
```
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন