শেরপুরে জামায়াত নেতার নিহতের ঘটনায় হত্যা মামলা
শেরপুর | শুক্রবার, ৩০ জানুয়ারি
শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি করেন।
মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয় এবং একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংস এই ঘটনায় আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা।






