কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে,
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশি রাষ্ট্র কানাডায় মুসলিম পরিবারের ওপর হামলার ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৭ জুন ২০২১ সোমবার এক টুইট বার্তায় তিনি এই কথা জানান।
গত রোববার সন্ধ্যায় টরেন্টো থেকে ১২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লন্ডনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষার সময় পাকিস্তানি বংশদ্ভুত এক কানাডিয়ান মুসলিম পরিবারকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দেয় এক গাড়িচালক। এ ঘটনায় একই পরিবারের দুই নারী, একজন পুরুষ ও এক কিশোরীসহ ৪ জন নিহত হয়েছেন। হামলায় ওই পরিবারের এক বালক মারাত্মকভাবে আহত হয়েছে। আহত বালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার বয়স মাত্র ১৫ বছর।
টুইট বার্তায় জাস্টিন ট্রুডো আরও বলেন,গতকালের অন্টারিওর লন্ডনের খবরে আমি আতঙ্কিত। ঘৃণামূলক কর্মকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রিয়জনদের পাশে আমরা রয়েছি। আমরা হাসপাতালে থাকা শিশুটির সাথে রয়েছি - তিনি বলেন,তোমার জন্য আমাদের সমবেদনা এবং তোমার সুস্থতাই আমাদের কামনা।
ট্রুডো বলেন, লন্ডন এবং সারাদেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি জানাচ্ছি, আমরা আপনাদের পাশেই রয়েছি। এই ঘৃণা ছলনাময় ও জঘন্য এবং তা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন।
সোমবার এক বিবৃতিতে দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে হামলাকারী গাড়িচালককে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গাড়িচালক ন্যাথানিয়েল ভেল্টম্যানের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলায় অভিযোগ আনা হয়েছে।

0 মন্তব্যসমূহ