গাইবান্ধায় শ্রমিকদল নেতা আব্দুল বারী মন্ডলের জামায়াতে যোগদান
রাজনীতি ডেস্ক | ২ অক্টোবর ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে দুই শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ শ্রমিকদলের নেতা আব্দুল বারী মন্ডল জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে যুক্ত হন। এ উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী। বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলার শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং মনোহরপুর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
“ছোটবেলা থেকেই আমি জামায়াতকে ভালোবাসি। জামায়াতের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি।” — আব্দুল বারী মন্ডল
“আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আব্দুল বারী মন্ডল ও তার অনুসারীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।” — আবু বক্কর সিদ্দিক, আমির, জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন