“বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না”—ভিপি নূর
গলাচিপা (পটুয়াখালী): গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক শক্তির পক্ষেই বাংলাদেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব নয়। দেশের সংকটমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
“দেশের গণতান্ত্রিক ধারা, মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় বিএনপিকে বাইরে রেখে কোনো সমাধান সম্ভব নয়।”
শনিবার রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।
নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই আসনে সমঝোতা হয়নি—এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সময় হলে জনগণ দেখতে পাবে বিএনপি কীভাবে গণ অধিকার পরিষদকে মূল্যায়ন করে। তারেক রহমানের সঙ্গে তাদের কমিটমেন্টের বিষয়টিও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের পরেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা রাষ্ট্রকে গভীর সংকটে ফেলতে পারে।
নুর উল্লেখ করেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করাই হবে ভবিষ্যৎ সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, তার ব্যক্তিগত প্রাপ্তি বা দলের আসন সংখ্যা নয়—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ–বাটোয়ারা নয়, বরং জাতীয় স্বার্থেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
সভায় বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন