কেরালার রাজনীতিতে চমক সৃষ্টি করে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন ফাতেমা তাহলিয়া। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) এই প্রার্থী এলডিএফ আহ্বায়ক এবং সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে ঐতিহাসিক এই জয় ছিনিয়ে নেন।
কোঝিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই পরিচিতি পান। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরে কোঝিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পেশায় আইনজীবী তাহলিয়া কোঝিকোড সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে এলএলএম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন।
তবে তার এই জয় সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে তীব্র সাইবার হামলা ও অনলাইন নিগ্রহের মুখোমুখি হতে হয়। বিশেষ করে হিজাব পরিহিত একজন তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি সাহসিকতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেন।
নির্বাচনের সময় ‘কওমিন্টে কুট্টি’ ইস্যু নিয়েও বিতর্ক তৈরি হয়। ইউডিএফ অভিযোগ তোলে যে, এলডিএফ-এর প্রচারণায় তাকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থী হিসেবে উপস্থাপন করে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জমা পড়ে।
সব বাধা ও বিতর্ক পেরিয়ে পেরাম্ব্রা আসনে ফাতেমা তাহলিয়ার এই জয় কেরালা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন