খুলনার কয়রায় ঘরে ঢুকে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। রোববার (১৭ মে) রাত ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত ভবতোষ মৃধা (৪০) মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে ভবতোষ মৃধার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার শ্বাসনালি কেটে দেয়।
এ সময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, “ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন